ফুটবল

প্রিমিয়ার লিগে আজ আর্সেনাল-ম্যানইউ লড়াই

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের ঘরের মাঠে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

ছেলে হারানোর শোক কাটিয়ে এ ম্যাচে মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানইউয়ের জার্সি গায়ে সিআরসেভেন সর্বশেষ মাঠে নেমেছিলেন নরউইচসিটির বিপক্ষে।

সেই ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছিলেন তিনি। লিগ জেতার লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে ম্যানইউ-আর্সেনাল। তাদের মধ্যে এখন চলছে আসন্ন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াই।

প্রিমিয়ার লিগের সেরা চার দল খেলবে চ্যাম্পিয়নস লিগে। বর্তমানে ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলা ম্যানইউ ৫৪ পয়েন্ট নিয়ে রয়েছে ছয়ে।

প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে একটা সময় থাকত ছয়টি ক্লাব। গত পাঁচ বছরে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে দুইয়ে! সর্বশেষ চার লিগে ম্যানসিটি চ্যাম্পিয়ন তিনবার আর লিভারপুল একবার।

২০১৮-১৯ মৌসুমে মাত্র ১ পয়েন্টে শিরোপা হারায় লিভারপুল। সেবার ম্যানচেস্টার সিটির পয়েন্ট ছিল ৯৮ আর লিভারপুলের ৯৭। এবারও পেপ গার্দিওলার দলের চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে লিভারপুল। অথচ জানুয়ারিতেও ১৪ পয়েন্টে পিছিয়ে পড়েছিল অলরেডরা। সেখান থেকে ব্যবধান কমিয়ে এনেছে ১ পয়েন্টে। দুই দলের দুইবারের দেখাতেই সমতা ২-২-এ! শেষ হাসিটা হাসবে কে?

সূত্র : কালের কণ্ঠ
এম এস, ২৩ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language