সৎমায়ের সংসারে ২ বোনের রহস্যজনক মৃত্যু
শরীয়তপুর, ০৬ নভেম্বর- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত ছোঁয়া মণি (৯) তোয়া মণি (৮) পাঁচালিয়া গ্রামের শুকুর আলী মৃধার কন্যা। তারা দুজনই দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় নিহতদের বাবা মো. শুকুর আলী মৃধা (৪২) ও সৎমা সূর্যমণিকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে কন্যাশিশু দুটিকে রেখে তাদের মা মারা যান। পরে তার বাবা শুকুর আলী মৃধা পুনরায় বিয়ে করেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে শিশু দুটি।
পরে চিকিৎসার জন্য শিশু দুটিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পর দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে মা হারানো শিশু দুটির রহস্যজনক মৃত্যুর বিষয়টি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সৎমায়ের সংসারে শিশু দুটিকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে- এমন গুঞ্জন ছড়িয়েছে এলাকায়।
ভেদরগঞ্জ থানার ওসি রাশিদুল বারী বলেন, শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সূত্র: যুগান্তর
আডি/ ০৬ নভেম্বর









