জেলেনস্কির চারপাশে বিশ্বাসঘাতক!

কিয়েভ, ০২ এপ্রিল – রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয়রা প্রাণপণ লড়ছেন। ইউক্রেনীয়দের দেশপ্রেম, লড়াই, বীরত্বগাথা গর্বের সঙ্গে শুরু থেকেই বলে আসছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার সর্বশেষ ভিডিও ভাষণে একটা উল্টো দিকও সামনে এসেছে। আর তা হলো ‘বিশ্বাসঘাতকতা’। গত বৃহস্পতিবার রাতে একটি ভিডিও ভাষণ দেন জেলেনস্কি। এই ভাষণে জেলেনস্কি জানান, তিনি দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। বিশ্বাসঘাতকতার দায়ে তাদের বরখাস্ত করা হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘আজ বিশ্বাসঘাতকদের ব্যাপারে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বিশ্বাসঘাতকের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সময় এখন নেই। তবে ধীরে ধীরে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে। ইউক্রেনীয় জনগণের প্রতি অনুগত থাকার সামরিক শপথ যারা ভঙ্গ করবেন, তাদের কাছ থেকে নিশ্চিতভাবেই সামরিক মর্যাদা কেড়ে নেওয়া হবে।’ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভমুখী দীর্ঘ রুশ সামরিক বহরটির বর্তমান অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নয়। পেন্টাগনের দাবি, রুশ সেনাবহরটি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
ভিডিও বার্তায় রুশ সেনাদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। তাদের আচরণকে দানবের সঙ্গে তুলনা করেন তিনি। জেলেনস্কি বলেন, ‘অনুপ্রবেশকারীরা বিভিন্ন দিক থেকে ঢোকার চেষ্টা করছে। স্থলপথ, আকাশপথ ও সমুদ্রপথে তারা আসছে। তারা হামাগুঁড়ি দিতে দিতে ঢুকছে, বিমানে করে উড়ে আসছে কিংবা নৌকায় করে ভেসে আসছে। তারা অনেক অশুভ আকাক্সক্ষা, ধ্বংসযজ্ঞ চালানোর বাসনা নিয়ে আসছে। তাদের আচরণ মানুষের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে তারা ভিন্ন জগতের কেউ। তারা দানবের মতো আগুন জ্বালিয়ে দিচ্ছে, লুটপাট করছে, খুন করছে।’ এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন খাঁচায় বন্দি এক মানুষ। যে খাঁচা তিনি নিজেই তৈরি করেছেন। ইউক্রেনে আগ্রাসন চালিয়ে রাশিয়া এখন দুর্বল দেশ হয়ে গেছে বলেও দাবি করেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী।
রাশিয়ার বেলগোরোদ শহরের আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ বলেন, স্থানীয় একটি তেলের গুদামে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। গতকাল শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে এই অভিযোগ করেন তিনি। বেলগোরোদ ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী শহর। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অবরুদ্ধ বন্দর নগরী মারিওপোলে অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে এ অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/০২ এপ্রিল ২০২২









