জাতীয়

মির্জা আব্বাসের মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার সফল, দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাইলেন ফখরুল

ঢাকা, ১৪ মার্চ – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল উল্লেখ করেন যে সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

শুক্রবার রাতে সাংবাদিকদের তিনি জানান যে তার বাবার মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফল হয়েছে। এর আগে একই দিন বিকালে তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন দুটি অস্ত্রোপচারই সফল হয়েছে।

শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান।

সে সময় গঠিত মেডিক্যাল বোর্ড তাকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত অবহিত করে। উল্লেখ্য যে গত বুধবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ওইদিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language