ফুটবল

ভারতকে হারিয়েও শিরোপা জিততে পারলো না বাংলাদেশ

ঢাকা, ২৬ মার্চ – সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে শুক্রবার (২৫ মার্চ) রাতে শক্তিশালী ভারতকে ১-০ ব্যবধানে হারিয়েও শিরোপা জিততে পারলো না বাংলাদেশ।

৪ ম্যাচের ৩টিতে জিতে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। ৪ ম্যাচের ৩টিতে জিতে ভারতেরও সংগ্রহ ৯ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধান বাংলাদেশের +৩, আর ভারতের +১১। তাতেই বাংলাদেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গেল আসরে ঘরের মাঠে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার ভারতের মাটিতে ভারতের কাছে সেটা হাতছাড়া করলো মারিয়া-শামসুন্নাহাররা।

রাতে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। বার বার সুযোগ আসতে থাকে। আর সুযোগ মিস হতে থাকে। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পরও চলে গোল মিসের মহড়া। শেষ পর্যন্ত ৭৩ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। এ সময় বক্সের মধ্যে ভারতের দুইজন রক্ষণভাগের খেলোয়াড়কে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে গোল করেন আকলিমা। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল পায়নি বাংলাদেশের মেয়েরা। ভারতের মেয়েরাও পারেনি গোল শোধ দিতে। তাতে ভারতকে শেষ ম্যাচে হারিয়েও শিরোপা অধরা থাকলো ছোটনের শিষ্যদের।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language