ফ্লোরিডা, টেক্সাসে এগিয়ে ট্রাম্প, অ্যারিজোনায় বাইডেন

ওয়াশিংটন, ০৪ নভেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বরাবরই সবার আগ্রহের শীর্ষে থাকে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড বা দোদুল্যমান রাজ্যগুলো। এবারও তার ব্যতিক্রম নয়। মার্কিন সংবাদমাধ্যম এপি-র প্রজেকশন অনুযায়ী, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ফ্লোরিডা ও টেক্সাসের মতো গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ডে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অ্যারিজোনায় ও নিউ হ্যাম্পশায়ারে মতো সুইং স্টেটে এগিয়ে রয়েছেন জো বাইডেন।
সুইং স্টেটগুলোর মধ্যে ফ্লোরিডার প্রতি বাড়তি নজর রয়েছে সবার। রাজ্যটিতে মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৯। সাধারণত এ রাজ্যে যিনি জয়ী হন; তিনিই হোয়াইট হাউসে জায়গা করে নেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র দুই বার এ রাজ্যে বিজয়ী প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট হতে পারেননি। বাদবাকি প্রতিবারই ফ্লোরিডায় জয় মানে যেন ছিল হোয়াইট হাউসে নিজের আসন নিশ্চিত করা।
সারাদেশে জো বাইডেন এগিয়ে থাকলেও ফ্লোরিডায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে সেখানে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন ট্রাম্প।
ফ্লোরিডায় এখন পর্যন্ত ৯৪ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৫১ দশমিক ২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে বাইডেনের ঝুড়িতে পড়েছে ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট।
নর্থ ক্যারোলিনায় ৮৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে বাইডেনের ঝুড়িতে পড়েছে ৪৯ শতাংশ ভোট।
রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে ৮০ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেখানে ৫১ দশমিক ১ শতাংশ ভোটে ট্রাম্প এগিয়ে রয়েছেন। বাইডেন ঝুড়িতে পড়েছে ৪৭ দশমিক ৫ শতাংশ।
অ্যারিজোনায় ৭৫ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে এরমধ্যে ৫৩ দশমিক ৭ শতাংশই পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।
আরও পড়ুন : মালিতে আল কায়দার ঘাঁটিতে ফরাসি বায়ুসেনার হামলা, নিহত ৫০ জঙ্গি
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনে মোট ১৩টি রাজ্যকে সুইং স্টেট হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হচ্ছে অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মিশিগান, মিনেসোটা, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, নর্থ ক্যারোলিনা, ওহাইও, পেনসিলভানিয়া, উইসকনসিন ও টেক্সাস।
সূত্রঃ এপি
আডি/ ০৪ নভেম্বর









