তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ: হুয়া চুন ইং

বেইজিং, ২৪ ফেব্রুয়ারি – তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং। তিনি বলেন, বিশ্বে একটিমাত্র চীন রয়েছে এবং তাইওয়ান হচ্ছে সেই চীনের অবিচ্ছেদ্য অংশ।
ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা নিয়ে রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের উত্তেজনা যখন তুঙ্গে তখনই বেইজিং এ ঘোষণা দিল।
তবে ইউক্রেনের সঙ্গে তাইওয়ান পরিস্থিতিকে গুলিয়ে ফেলার বিষয়টি নাকচ করে দিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি বলেন, তাইওয়ান চীনের একটি অভ্যন্তরীণ বিষয় এবং কোনো অবস্থাতেই চীনের ভৌগলিক অখণ্ডতাকে বিপদাপন্ন করা যাবে না।
সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমগুলো সতর্ক করে দিয়ে বলেছিল, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট যদি পূর্ব ইউরোপে যুদ্ধে জড়িয়ে পড়ে তখন তাইওয়ানে সামরিক হস্তক্ষেপ করতে পারে চীন।
ইউক্রেনে গণ্ডগোলের সুযোগে চীন তাইওয়ানে সেনা পাঠাতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৪ ফেব্রুয়ারি









