জাতীয়

সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক চলছে

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কমিটির সকল সদস্য উপস্থিত রয়েছেন।

এর আগে ৬ ফেব্রুয়ারি একইস্থানে প্রথম বৈঠক করেছিল কমিটি। সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

প্রথম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, যেসব নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকে আমরা চাইবো, তাদের কোনও পছন্দ আছে কিনা, প্রস্তাব আছে কিনা—সেটা নোটিফিকেশনের মাধ্যমে কেবিনেট ডিভিশনের ইমেইল বা ওয়েবসাইটে দেয়া হবে। ব্যক্তিগতভাবেও কেউ চাইলে সাবমিট করতে পারবেন।

পরবর্তী বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শনিবার (১২ ফেব্রুয়ারি) এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) মিটিং হবে। সিভিল সোসাইটি ও মিডিয়ার গণ্যমান্য যারা আছেন, নির্বাচন সংক্রান্ত যারা বিশেষজ্ঞ আছেন—তাদের নিয়ে কমিটি মিটিংয়ে বসবে। তাদের কাছ থেকে পরামর্শ বা প্রস্তাবনা নেয়া হবে। তারপর আইনে যে যোগ্যতার কথা বলা আছে, সেগুলো বিবেচনা করে আইন অনুযায়ী সিলেকশন করে পাঁচজনের বিপরীতে দুজন করে মোট ১০ জনের নাম দেয়া হবে (রাষ্ট্রপতির কাছে)।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। যদি ১৪ তারিখের বিষয়ে কোনও আবশ্যকতা থাকে তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

কোনও রাজনৈতিক দলের সঙ্গে কমিটি বসবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, তাদের সঙ্গে বসবো না। তারা ইমেইলের মাধ্যমে নাম জমা দিতে পারবেন।

প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ ইমেইলের মাধ্যমে ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম চেয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৮ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language