জাতীয়

ত্রাণের বস্তা মাথায় নিয়ে হেঁটে গেলেন মেয়র

নাটোর, ০৮ অক্টোবর- সিংড়ায় আত্রাই নদীর পানির তোড়ে পৌর এলাকার শোলাকুড়া গ্রামে পাকা সড়ক ভেঙে ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের প্রায় ৫ হাজার লোকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভাঙনের ফলে বাড়িঘর হারিয়ে কারও ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে আবার কারও নদীর বাঁধে খোলা আকাশের নিচে।

নদীর পানির তোড়ে ভেঙে গেছে চলনবিলের কৃষকের স্বপ্নের সোনার ফসল। সব কিছু হারিয়ে মানুষ এখন অসহায়। যোগাযোগ বিচ্ছিন্নের কারণে রাস্তায় চলে না কোনো গাড়ি। সেই অসহায় আশ্রয়হীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল, ডাল, লবণ, চিনি, তেল এর ১৮ কেজি ওজনের তিনটি বস্তা মাথায় নিয়ে আধা কিলোমিটার হেঁটে গেলেন সিংড়ার পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। সঙ্গে থাকা কর্মীদের মাথায় তুলে দিলেন ত্রাণের বস্তা। পরে তিন শতাধিক বানভাসিকে মানবিক সহায়তা পৌঁছে দেন তিনি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শহরের মহেশচন্দ্রপুরে বন্যাকবলিত এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।

ত্রাণ নিতে আসা শাহিনা বেগম সিংড়ার মেয়রকে মানবিক মেয়র বলে আখ্যায়িত করেন।

এ সময় পৌর কাউন্সিলর আবদুল আউয়াল রিংকু, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েলসহ অর্ধশতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/০৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language