ক্রিকেট

১২ লাখ রুপি জরিমানা গুনতে হল স্মিথকে

আবুধাবি, ০৮ অক্টোবর- আরব আমিরাতে প্রচণ্ড দাবদাহের কারণে আইপিএলে প্রতিদিনই স্লো ওভার রেট হচ্ছে। তাই ভুগতে হচ্ছে দলের অধিনায়কদের‌। বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের পর স্টিভ স্মিথও শাস্তি পেলেন।

মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে হারের যন্ত্রণার সঙ্গে বড় জরিমানা গুনতে হলো রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথকে। ম্যাচ হারের পর অধিনায়ককে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে!

আরও পড়ুন: দুই বছর মন কষাকষির পর কথা হলো রোনালদো আর রামোসের

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আইপিএলের কোড অব কন্ডাক্টে স্লো ওভার রেটের দায়ে প্রথমবারের মতো অভিযুক্ত হয়েছে স্মিথের দল। তাই অধিনায়ক স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই শেষ হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। দলের অন্যতম ভরসা স্মিথ তিন নম্বরে নেমে সাত বলে করেন মাত্র ছয় রান। সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না স্মিথের।

সূত্র : এনটিভি
এন এইচ, ০৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language