আগরতলা পুর নিগমের মেয়র হচ্ছেন দীপক মজুমদার
আগরতলা, ০৭ ডিসেম্বর – জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগরতলা পুর নিগমের মেয়র হতে চলেছেন দীপক মজুমদার। তিনি আগামীকাল (০৮ ডিসেম্বর) শপথ নেবেন।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রস্তাবিত নামটি সোমবার রাতে (৬ ডিসেম্বর) ত্রিপুরা প্রদেশের পক্ষে সভাপতি ড. মানিক সাহা নাম ঘোষণা করেন। এছাড়াও এদিন ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতেরও চেয়ারপার্সনদের নাম ঘোষণা করেন তিনি।
বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের প্রদেশ সভাপতি ড. মানিক সাহা বলেন, পুর ও নগর সংস্থার নির্বাচনে ত্রিপুরায় বিজেপি এক অভাবনীয় সফলতা অর্জন করেছে। ২০টি পুর ও নগর সংস্থাই বিজেপির দখলে গেছে।
তিনি বলেন, আগরতলা পুর নিগমের ক্ষেত্রে ৫১টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে বিজেপি মনোনীত প্রার্থীরা। বিজেপির এই জয়জয়কারের জন্য প্রদেশ বিজেপির সভাপতি রাজ্যবাসীকে ধন্যবাদ জানান।
ফলাফল ঘোষণার পর থেকেই পুর নিগমের মেয়র পদে দীপক মজুমদারের নাম নিয়ে চর্চা শুরু হয়। বিজেপির ত্রিপুরা রাজ্য প্রভারী বিনোদ সোনকর আসার পর অগ্রাধিকারের ভিত্তিতেই ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয় তার নামে।
পরে অনুষ্ঠিত হয় একটি বৈঠকও। এই বৈঠক থেকে কেন্দ্রীয় কমিটিতে প্রস্তাব পাঠানো হয় তার নামে। সেই অনুযায়ী সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও সীলমোহর দেন তাতে।
প্রদেশ বিজেপির সভাপতি ড. মানিক সাহা বলেন, আবহাওয়া খারাপ থাকার কারণে আগামী ৮ ডিসেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনেই অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। ঘরোয়া সভার মধ্য দিয়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন হলেও পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বড়ো পরিসরে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত রয়েছে দলের।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৭ ডিসেম্বর ২০২১










