
নিজের ওপর ভরসা নেই? নিজেকে যথেষ্ট আকর্ষণীয় ভাবতে পারছেন না? আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে একটি রং। আর তা হলো লাল। লাল রঙের পোশাক পরলে নিমিষেই নিজের ওপর বিশ্বাস বেড়ে যাবে আপনার।
ইউরোপিয়ান জার্নাল অফ সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, এই রংটির পোশাক পরলে মানুষ নিজেকে শারীরিকভাবে আকর্ষণীয় মনে করে। জার্মানির গবেষকেরা ১৮০ জন ইউনিভার্সিটি শিক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ করেন। এ সময়ে তারা হয় নীল বা লাল রঙের জামা পরে ছিল। তাদেরকে ছোট একটি ঘরে রাখা হয় যেখানে আয়নায় তারা নিজেকে দেখতে পারে। তারা আরো একটি পরীক্ষা করে যেখানে আয়নায় নিজেকে দেখার পরিবর্তে তারা নিজেদের ছবি তোলে। নিজেদেরকে কতটা আকর্ষণীয় মনে করে, এই ব্যাপারে একটি জরিপের উত্তর দিতে বলা হয় তাদেরকে। তবে এই জরিপ আসলে কী বিষয়ে, সেটা তাদেরকে জানানো হয়নি। তাদেরকে বলা হয় চেহারার বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ব্যক্তিত্ব অনুমান করা যায় কিনা তার জন্য ছিল ওই জরিপ।
ফলাফল হিসেবে দেখা যায়, যারা লাল রঙের পোশাক পরেছিলেন তারা নিজেদেরকে অন্যদের চাইতে বেশি আকর্ষণীয় বলে বিবেচনা করেন। নিজেদের যৌন আবেদনও তারা বেশি মনে করেন।
এই ফলাফলের কিছু সমস্যা আছে বটে। সবার ক্ষেত্রে এই “রেড এফেক্ট” কাজ নাও করতে পারে। কেউ কেউ একটু লাজুক প্রকৃতির হয় এবং লাল রং পরার ফলে অন্যের মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়াটা তাদের পছন্দ নাও হতে পারে।
আরও পড়ুন: মানসিকভাবে শক্তিশালী মানুষরা যে ১৩টি কাজ করেন না
“ব্যক্তিত্বের বিভিন্ন দিকের সাথে এই রেড এফেক্টের সম্পর্কটা খতিয়ে দেখা দরকার,” বলেন এই গবেষণার লেখাওক অ্যান বার্টহোল্ড, ইউনিভার্সিটি অফ জুরিখের একজন গবেষক। এছাড়াও, প্রতিদিন লাল রঙের পোশাক পরলে একসময় এই প্রভাব চলে যায় বলেও মনে করেন তিনি।
শুধু লাল রংকে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে লাল রংটা মনোযোগ বেশি আকর্ষণ করে, এ কারণে লাল রং পরলে মানুষ নিজের প্রতি মনোযোগ বেশি দেয় এবং নিজেকে ভালোবাসতে শেখে।
এছাড়া, ১৮০ জন শিক্ষার্থীর ওপর গবেষণা করা হয়, যা বেশ ছোট একটি সংখ্যা। তা সাড়া পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য নাও হতে পারে। এটা নারী-পুরুষভেদে বা ত্বকের রং অনুযায়ী একই রকম ফলাফল দেবে কিনা তার ব্যাপারেও নিশ্চিত হওয়া যায় না। তবে এটা ঠিক, অতীতের গবেষণায় দেখা যায় যে লাল রঙটি মানুষের মনোভাবে পরিবর্তন আনতে সক্ষম। ২০১০ সালের একটি গবেষণা বলছে, যেসব পুরুষ লাল রঙের পোশাক পরেন তাদেরকে বেশি আকর্ষণীয় মনে করেন নারীরা। অন্যান্য গবেষণাতেও দেখা যায় এই রংটিকে শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে দেখা হয়। আরও জানা যায়, নীল রঙের দিকে তাকিয়ে থাকাটা মানুষকে সৃজনশীল করে, আবার লালের দিকে তাকিয়ে থাকাটা ঠিকমতো কাজ করতে সাহায্য করে।
এম এন / ২৯ অক্টোবর









