চুয়াডাঙ্গা

বিদায় অনুষ্ঠান চলাকালে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা, ০৭ নভেম্বর – চুয়াডাঙ্গা পৌর এলাকায় স্কুলে বিদায় অনুষ্ঠান চলাকালীন তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (৭ নভেম্বর) দুপুরের দিকে আল হেলাল ইসলামিয়া একাডেমি স্কুলের ভেতরে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহতের বন্ধুরা জানিয়েছে, মূলত এক মেয়ের সঙ্গে তপুর প্রেমের সম্পর্ক ছিলো। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালোবাসে। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সাথে কথা বলছিল। এ সময় ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক তাকে ধারালো রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান বলেন, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৭ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language