ক্রিকেট

ইংলিশদের বড় লক্ষ্য দিল প্রোটিয়ারা

শারজাহ,০৬ অক্টোবর-  বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ১৯০ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে প্রোটিয়ারা। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৪ রানে অপরজিত থাকেন রাসি ভ্যান ডার ডুসেন।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৫ রানেই ওপেনার রেজা হেনড্রিক্স বোল্ড হন মঈন আলীর বলে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রাসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে ৫২ বলে ৭১ রানের পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার কুইন্টন ডি কক।

তাদের এই জুটি ভাঙেন আদিল রশিদ। ২৭ বলে ৩৪ রান করা বাঁহাতি ওপেনার ডি কক এই স্পিনারের বলে জেসন রয়কে ক্যাচ দিয়ে ফেরেন।

ডি কক বিদায় নিলেও উইকেটে অবচিল থাকেন রাসি। তিনি এরপর এইডেন মার্করামকে নিয়ে আরও দ্রুত ব্যাট চালান। তৃতীয় উইকেট জুটিতে তোলে মাত্র ৫২ বলে ১০৩ রান। অবশ্য সেঞ্চুরি হাতছাড়া হয় এই ডানহাতির। তিনি শেষ পর্যন্ত ৬০ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৯৪ রানে অপরাজিত থাকেন। অপরদিকে মার্করাম ২৫ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন।

এ ম্যাচে প্রোটিয়াদের শুধু জিতলেই চলবে না। রান রেটের বিশাল ব্যবধান আনতে হবে। কেননা একই গ্রুপের অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে শক্ত অবস্থান করে নিয়েছে। যদি দক্ষিণ আফ্রিকা হেরে যায় তাহলে সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language