জিদানকে ধুয়ে দিলেন ইসকো

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ইচ্ছেকৃতভাবেই তাকে খেলাননা বলে অভিযোগ করেছেন ক্লাবটির মিডফিল্ডার ইসকো। ম্যাচে কম সময় দেয়া এমনকি কোনো কোনো ম্যাচে না খেলানোর জন্য কোচকে দায়ী করেছেন এই স্প্যানিশ তারকা।
মাদ্রিদিস্তাদের সবশেষ ২ ম্যাচ, এল ক্ল্যাসিকো এবং চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেস্কের বিপক্ষে ম্যাচে ইসকোকে নামাননি জিদান। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচে খেলেছেন তিনি। তবে সেগুলোতেও পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। ফলে তীব্র ক্ষোভ ঝরেছে এই মিডফিল্ডারের কণ্ঠে।
একটি টেলিভিশন প্রোগ্রামে উপস্থিত হয়ে ইসকো বলেন, সে যদি মাঠ থেকে আমাকে উঠিয়ে নিতে চায় তাহলে ৫০ কিংবা ৬০ মিনিটের মধ্যেই তুলে নেয়। কখনো কখনো প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগেই তুলে নেয়। কিন্তু যখন আমাকে বদলি হিসেবে মাঠে নামাতে চায়, তখন নামায় ৮০ মিনিটের সময়।
৭ বছর আগে মালাগা ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ইসকো। তবে গেল ৩ বছর ধরেই তিনি মাঠে অনিয়মিত। এই সময়ে মাত্র ৬টি ম্যাচের পুরোটা সময় খেলেছেন তিনি। অনেকেই বলে থাকেন, তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাতে চান জিদান, তবে ডিফেন্সে কোনধরণের সহযোগিতা করার পক্ষে নন ইসকো।
আরও পড়ুন: মহানবীকে নিয়ে কটূক্তি করায় ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না পগবা!
এল ক্ল্যাসিকোয় দারুণ এক জয় নিয়ে ফেরার পর, এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার জার্মানিতে সফর করবে জিদান বাহিনী। যথারীতি দলের সঙ্গে থাকবেন ইসকো। তবে মাঠে নামতে পারবেন তো? প্রশ্নটা থেকেই যায়।
আডি/ ২৬ অক্টোবর









