আইন-আদালত

চট্টগ্রামের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ হত্যা মামলার রায়ে ফের সংশোধনী

ঢাকা, ০৮ অক্টোবর- চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার রায়ে আবারও সংশোধনী আনা হয়েছে। তিন আসামির আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৬ অক্টোবর এ মামলায় আপিল বিভাগে শুনানি শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা সংশোধন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তিন আসামি হলেন—আলমগীর কবির, তসলিম উদ্দিন মন্টু ও মো. আজম।

আরও পড়ুন: হাওরের বিস্ময় সড়কে উপকৃত হবে লাখো মানুষ: প্রধানমন্ত্রী

গত ২০০১ সালের ১৬ নভেম্বর সকাল সোয়া ৭টায় অস্ত্রধারী দুর্বৃত্তরা নগরে জামাল খানের বাসায় নাজিরহাট কলেজের অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা গোপাল কৃষ্ণ মুহুরীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তার স্ত্রী রেলওয়ে সাবেক অডিট কর্মকর্তা উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গিট্টু নাসির, তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইজা আলমগীরের ফাঁসির আদেশ দেন। পরবর্তীতে গিট্টু নাসির ক্রসফায়ারে মারা যায়। আসামি মহিউদ্দিন ওরফে মাইন উদ্দীন, হাবিব খান, শাজাহান এবং সাইফুল ওরফে ছোট সাইফুলসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

উচ্চ আদালতে শাজাহান খালাস পেলেও বাকিদের সাজা বহাল ছিল। সবশেষ গত ৬ অক্টোবর মামলাটি আপিল বিভাগে শুনানি শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা সংশোধন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ০৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language