দর্শক প্রশংসায় তাহসান-সাবিলা অভিনীত নাটক ‘পারাপার’

ঢাকা, ৩১ জুলাই – প্রথমবারের মত গল্প লিখলেন এ সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূর। তার গল্প ভাবনা ও মজুমদার শিমুলের চিত্রনাট্যে এবারের ঈদে প্রচারিত হয়েছে বিশেষ নাটক ‘পারাপার’। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
তাহসান খান, মনোজ প্রামাণিক ও সাবিলা নূর অভিনীত এ নাটকটি দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পজেটিভ মন্তব্যই দেখা গিয়েছে।
নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, সাবিলা আপুর চমৎকার একটি গল্পে কাজটি করেছি। এখানের প্রতিটা চরিত্রই দারুণ অভিনয় করেছেন। দর্শকরাও কাজটি পছন্দ করেছেন এবং অভিনয়শিল্পীদের প্রশংসা করছেন দেখে ভালো লাগছে।
সাবিলা নূর বলেন, আমি এবারই প্রথম কোনো গল্প লিখেছি। এর আগে অনেক গল্প ভাবনা মাথায় আসলেও তা সাহস করে বলা হয়নি কখনো। এবার সেটি সম্ভব হয়েছে। রিংকু ভাইয়ের সঙ্গে শেয়ার করলে উনি কাজটি করতে রাজি হন। এবং কাজটি করতে গিয়ে বেশ ভালো লেগেছে তাহসান ভাইয়া, মনোজ ভাইয়া চমৎকার অভিনয় করেছেন।
তিনি আরও বলেন, করোনার যে সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট সেটার ওপরই এ নাটকের গল্প। আলহামদুলিল্লাহ! এখন পর্যন্ত দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।
এন এইচ, ৩১ জুলাই







