‘মায়া’র মাধ্যমে টলিউডে প্রবেশ করছেন মিথিলা
কলকাতা, ২৬ জুলাই – অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা কলকাতার পরিচালক রাজর্ষি দের ছবিতে অভিনয় করছেন। কলকাতার কোনো ছবিতে এটাই তার প্রথম অভিনয়। যদিও পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে আরও আগে সেখানে সংসার পেতেছেন তিনি।
কলকাতায় মিথিলা যে ছবিটিতে অভিনয় করছেন, সেটি শেকসপিয়ারের লেখা নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত হচ্ছে; এ কথা অবশ্য আগেই জানিয়েছিলেন পরিচালক রাজর্ষি দে।
পরে এও জানানো হয়, ছবিটি ‘মায়া’ নামে নির্মিত হচ্ছে। এর প্রধান চরিত্র আবার ‘মায়া’। এই মায়া চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের মিথিলা।
গোপনীয়তা ও করোনায় স্বাস্থ্যবিধি মেনে নতুন ছবিটির শুটিং শুরু হয় গত ১২ জুলাই। শেষ হবে ২৮ জুলাই। কলকাতা ও তার আশপাশের এলাকায় চলছে এর শুটিং।
চরিত্রটি নিয়ে আপাতত কথা বলা বারণ মিথিলার। শনিবার রাতে কলকাতা থেকে তিনি সংবাদমাধ্যমকে বলেন, শুটিং ও চরিত্র নিয়ে আপাতত কথা বলতে পারছি না। ছবিটির ফাস্ট লুক আসবে আগস্টের প্রথম সপ্তাহে। তারপরই কথা বলতে পারব।
‘শুধু এতটুকু বলতে পারি, এখানকার কাজের স্টাইল, আমার চরিত্র, শুটিং অভিজ্ঞতা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। আমি কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছি।’
অবশ্য ছবিটির পরিচালক এক সাক্ষাৎকারে মায়া চরিত্র নিয়ে বলেছেন, ‘আমার পাঠ্য ছিল ম্যাকবেথ। তখন থেকেই আগ্রহ ছিল এটি নিয়ে কাজ করার। তবে চলচ্চিত্র নির্মাণের আগে আমি রি-কনস্ট্রাকশন করেছি। তারপর এটা একটা উইমেন এমপাওয়ারমেন্ট জায়গা থেকে ট্রিট করছি। যেখানে একজন মাইনরটি লিডারের কথা উঠে আসে। সেই চরিত্রটা মিথিলা প্লে করছে। সেটার নামই মায়া।’
মিথিলা ছাড়াও এতে অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কণিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
এস সি/ ২৬ জুলাই







