নাটক

তিন মাসে অন্তত একটি নাটক

রণ

ঢাকা, ২৫ জুলাই – মডেল ও উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। এবার ঈদে তিনি কাজ করেছেন তিনটি নাটকে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন প্রতিবেদক।

ঈদে ৩ নাটক…

অনেক দিন পর নাটকে অভিনয় করলাম। এর আগে ৫টি নাটক করেছিলাম। এবার ঈদেই করা হয়ে গেল তিনটি। তিনটি তিন ধরনের কাজ। এরই মধ্যে ‘বিয়ের কয়েক দিন পর’ নাটকটি প্রচার হয়েছে বিটিভিতে। বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছি। আমার সহশিল্পী ছিলেন সজল। আজ গাজী টিভিতে প্রচার হবে ‘ভাঙনের পর’ নাটকটি। এটি এই সময়ের দাম্পত্যকলহ ও টানাপড়েনের গল্প। বিপরীতে ছিলেন ইরফান সাজ্জাদ। জিটিভিতে ঈদের ৭ম দিন প্রচার হবে মাহমুদ দিদারের পরিচালনায় নাটক ‘প্রিয় ডাকবাক্স’। এটির গল্প সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম ও তার পরবর্তী জটিলতা নিয়ে। আমার নায়ক খায়রুল বাশার। তিনজন সহশিল্পীই এক কথায় দারুণ। কিন্তু সজল ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা একটু বেশি ভালো।

উপস্থাপকদের অভিনয়…

উপস্থাপনা থেকে আগে সেভাবে অভিনয়ে আসতেন না অনেকেই। কিন্তু এখন অনেকেই করছেন। অভিনেতা সজলের শুরুটা উপস্থাপনা দিয়েই। এখন নাবিলা, মারিয়া নূর, মৌসুমী মৌ, নীলসহ অনেকেই অভিনয় করছেন। ব্যক্তিগতভাবে সবাইকে আমি পছন্দ করি। কিন্তু সবার কাজ দেখা হয়নি। তবে নাবিলার আয়নাবাজি দেখেছি। অসাধারণ সাবলীল অভিনয় করেন তিনি।

অভিনয় পরিকল্পনা…

সত্যি বলতে এতদিন নাটক সিনেমা ওয়েব সিরিজ নানা মাধ্যমেই অনেক বড় বড় প্রস্তাব পেয়েছি। কিন্তু নানামাত্রিক কাজের ব্যস্ততায় সব সুযোগ কাজে লাগাতে পারিনি। তাছাড়া আমি যেহেতু অভিনেত্রী নই, তাই অভিনয় নিয়ে অতটা কনফিডেন্স পাচ্ছিলাম না। কিন্তু এবার ঈদে তিনটি নাটক করতে গিয়ে সেটা পেয়েছি। প্রতিটি নাটকের পরিচালক, প্রযোজক ও সহশিল্পীরা আমাকে অভিনয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন। অভিনেতা সজল বলেছেন তুমি নিয়মিত অভিনয় কর। এমন অনেকেই চাইছেন আমি নাটকে কাজ করি। কিন্তু আমি নিয়মিত হয়তো করতে পারব না। তবে তিন মাসে অন্তত একটি নাটকে কাজ করব। বিশেষ করে উৎসব-পার্বণের নাটকে আমাকে দেখা যাবে।

উপস্থাপনা…

শোবিজের বিভিন্ন মাধ্যমে কাজ করলেও আমার সবচেয়ে ভালোলাগার জায়গা উপস্থাপনা। উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পেয়েছি বলেই মডেলিং ও এখন নাটকে অভিনয় করছি। তাই অন্য সকল ব্যস্ততা থাকলে উপস্থাপনা ছাড়তে পারব না। এবার ঈদেও বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এর মধ্যে দেশ টিভিতে ঈদের টানা সাত দিন রাত ৯টা ৪৫ মিনিট থেকে মধ্যরাত পর্যন্ত লাইভ গানের অনুষ্ঠান নিয়ে বেশি মনোযোগ রাখতে হচ্ছে। এ ছাড়া চলতি বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেট ম্যাচ নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছি গাজী টিভিতে। বিটিভিতে খেলোয়াড়দের নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান করেছি। এ ছাড়া শোবিজ তারকাদের নিয়ে এটিএন বাংলায় একটি শো করেছি।

শরীরচর্চা…

শোবিজ তারকার পাশাপাশি আমি একজন চিকিৎসক। তাই শরীরের ভালোমন্দ নিয়ে সব সময় সচেতন থাকার গুরুত্ব বুঝি। এজন্য নিয়মিত শরীরচর্চা করি। ঈদের জন্য ছোট্ট বিরতির পর গতকাল থেকে জিমে ফিরেছি। ঈদের বাড়তি খাওয়াদাওয়া যাতে শরীরে নেতিবাচক কোনো প্রভাব ফেলতে না পারে তাই চটজলদি এই সিদ্ধান্ত। শোবিজে কাজ করতে গেলে ফিটনেস আবশ্যক। কিন্তু আমি বলব, প্রতিটি মানুষের শারীরিক ফিটনেসের দিকে মনোযোগ দেওয়া উচিত।

এন এইচ, ২৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language