আমি এই দুজন ছাড়া অসহায় : বাপ্পী চৌধুরী

ঢাকা, ২০ জুন – প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববারকে বাবা দিবস ধরা হয়। সেই হিসাবে আজ ২০ জুন, বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিনে বাবাকে নিয়ে তারকারা বলেছেন মনের কথা। চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও প্রকাশ করেছেন তার অনুভূতি-
আমার বাবা দুজন; বাবা এবং মেজদা। আমি জানি দুনিয়ার সব থেকে বড় অপরাধটুকুও যদি ভুলবশত করি এই দুজন মানুষ অন্তত মানসিকভাবে আমাকে সব সময় শক্ত রাখার চেষ্টা করবে, বুঝতে চেষ্টা করবেন। তবে বাবা নিজেই ধরে পুলিশের কাছে দিয়ে দিবেন এটাও আমি নিশ্চিত)
আমি এমনিতেই ঘরের ছোট ছেলে; ডানপিটে ছিলাম আজীবন। কখনো তাদের সামনে বড় হতে ইচ্ছা করেনি, এখনো করে না, আমি চাইও না। এই দুজন থাকুক আমার মৃত্যুর আগ পর্যন্ত। আমাকে ছাড়া হয়তো তারা অসম্পূর্ণ, তবে আমি এই দুজন ছাড়া অসহায়। আমার এক পৃথিবীর শক্তি তারা। আমার জন্য ভালোবাসা, ভালো থাকা, ভালো রাখার অপর নাম তারা।
এই বাবা দিবস আমার কাছে গুরূত্বপূর্ণ কারণ এতোদিনের না বলা অনুভূতিগুলো আজ শব্দ আকারে বের হলো। শুভ বাবা দিবস আমার দুই বাবাসহ পৃথিবীর সব বাবাদের।
এন এইচ, ২০ জুন









