ক্রিকেট

ইনজুরিতে তামিম ইকবাল, অনিশ্চিত জিম্বাবুয়ে সফর

ঢাকা, ১৮ জুন – জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে পড়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচ খেলতে গিয়ে তিনি ডান হাঁটুতে চোট পেয়েছে্ন। এরফলে প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলা হচ্ছে না প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবালের। ইনজুরি কাটিয়ে চলতি মাসে জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের অধিনায়ক খেলতে পারবেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার প্রাইম ব্যাংকের হয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলাঘরের বিপক্ষে ম্যাচে ইনজুরিরর শিকার হন তামিম। ডান হাঁটুতে ব্যথা নিয়ে প্রিমিয়ার লীগে খেলছিলেন তিনি। সেখানেই ফের আঘাত পাওয়ায় প্রিমিয়ার লীগ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তামিম নিজেই।

জাতীয় দলের মারকুটে এই ওপেনারের ইনজুরি প্রসঙ্গে বিসিবির চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, তামিম হাঁটুতে তীব্র ব্যাথা অনুভব করছেন বলে জানিয়েছেন। তার ইনজুরি কতোটা গুরুতর তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে। আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে চলতি মাসেই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওই সফরে টাইগাররা ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। জিম্বাবুয়ে সিরিজে তামিম খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। আবশ্য সিরিজের আগেই ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার আশা করছেন জাতীয় দলের অধিনায়ক।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ জুন


Back to top button
🌐 Read in Your Language