টাঙ্গাইল
ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত
টাঙ্গাইল, ১৪ জুন- টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রবিবার (১৩ জুন) বিকালে ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কের বইন্নাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– জেলার মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে আমজাদ হোসেন (৪৫) এবং গোপালপুর উপজেলার কাঠালিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম (৩২)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
ওসি বলেন, ‘উপজেলার বইন্নাদিঘী এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
এস সি/১৪ জুন









