জাতীয়

করোনায় আরও ৩৮ মৃত্যু, নতুন শনাক্ত ১৬৭৬

ঢাকা, ০৬ জুন – গত একদিনে দেশে করোনাভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৭ জন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১ হাজার ৬৭৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৮ লাখ ১০ হাজার ৯৯০ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের ১০.৭৩ শতাংশ। গতকাল ছিল ১১.০৩ শতাংশ।

এদিকে নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ১৩ জন। এদের নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৩৯ জনে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের একজন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৭জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ হলেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১০.৭৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৪১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২.৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১.৫৮ শতাংশ।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস ধরে টানা মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর বছর শেষে কয়েক মাস ক্রমান্বয়ে কমতে থাকে। চলতি বছরের শুরুতে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেকটা কমে আসে। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ০৬ জুন


Back to top button
🌐 Read in Your Language