ঢাকা

আর কোনো দালালি-দখলবাজির সুযোগ হবে না

ঢাকা, ০২ জুন– পরিচ্ছন্নতাকর্মীদের বাসস্থান নিয়ে আর কোনো দালালি-দখলবাজির সুযোগ হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, এ রকম অনেক উদাহরণ আছে, বাসা বরাদ্দ পায় একজন, দখল করে আরেকজন। এখন থেকে আর কোনো দখলবাজি চলবে না। যারা ডিএসসিসিতে কর্মরত শুধু তারাই বাসা পাবে।

বুধবার নগরভবনে ডিএসসিসির তেলেগু সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ‘পরিচ্ছন্নকর্মী নিবাস’-এর বাসার বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাপস বলেন, পরিচ্ছন্নতাকর্মী নিবাসের চাবি হস্তান্তরের মাধ্যমে আজ থেকে দালাল চক্রের অবসান ঘটল। যারা ন্যায্য দাবিদার, তারাই এ বাসার হকদার। তারাই এ বাসাগুলো পাবে। কোনো হকদার যেন বঞ্চিত না হয়, আমরা সেটা নিশ্চিত করব।

ডিএসসিসির অনেক জায়গা বেদখল হয়ে আছে উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, আমরা সেগুলো দখলমুক্ত করার কার্যক্রম গ্রহণ করব। যারা উত্তর সিটি করপোরেশনে চাকরি করেন, তাদের উত্তর সিটি করপোরেশনের জায়গায় চলে যেতে হবে। যারা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি করেন কেবল তারাই দক্ষিণ সিটি করপোরেশনের এসব সুযোগ-সুবিধা পাবেন।

অনুষ্ঠানে রাজধানীর জলাবদ্ধতা প্রসঙ্গে ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, মঙ্গলবারের বৃষ্টিতে যেসব স্থানে জলজটের সৃষ্টি হয়েছে, সেখানে গতবারের চেয়ে কম জলাবদ্ধতা হয়েছে। তারপরও আমরা ব্যবস্থা গ্রহণ করছি, আগামীতে যেন এসব স্থানের জলাবদ্ধতা দ্রুত নিরসন করা যায়। আমরা আশাবাদী অচিরেই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। আমাদের লক্ষ্য সাধারণ মাত্রার বৃষ্টিপাত হলে ঢাকা শহরে যেন পানি না জমে। অতি ভারী বৃষ্টিপাত হলে যেন তিন ঘণ্টার মধ্যে, ভারী বৃষ্টিপাত হলে যেন দুই ঘণ্টার মধ্যে এবং মাঝারি বৃষ্টি হলে যেন এক ঘণ্টার মধ্যেই পানি সরে যায়।

সূত্র : সমকাল
এম এন / ০২ জুন


Back to top button
🌐 Read in Your Language