খেলোয়াড়দের সমালোচনার পক্ষে নন তামিম

ঢাকা, ২৯ মে – কথায় আছে ‘শেষ ভালো যার, সব ভালো তার’, এই প্রবাদ মোতাবেক সব ভালো করতে পারল না বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজের শিরোপা নিশ্চিত করলেও, শেষ ম্যাচে গিয়ে মিলেছে হতাশাজনক পরাজয়। ঘুরে দাঁড়িয়ে ৯৭ রানের বড় জয় নিয়ে বাড়ি ফিরছে শ্রীলঙ্কান ক্রিকেট দল।
শুক্রবার সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ২৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। জবাবে বাংলাদেশ দল অলআউট হয়েছে ১৮৯ রানে। ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত ফিফটি হাঁকিয়ে দলকে দুইশর কাছাকাছি নিয়ে গেছেন।
কিন্তু পুরো সিরিজেই হতাশ করেছেন তরুণ ব্যাটসম্যানরা। বিশেষ করে প্রথম দুই ম্যাচে লিটন দাস ও শেষ ম্যাচে তার জায়গায় সুযোগ পাওয়া নাইম শেখ। তিন ম্যাচেই সাকিব আল হাসান, প্রথম ম্যাচে ভালো ক্যামিও খেলার পর শেষ দুই ম্যাচে আফিফ হোসেন ধ্রুব পাননি রানের দেখা।
ব্যাটিংয়ে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ব্যতীত কেউই সে অর্থে ভালো করতে পারেননি। এছাড়া শেষ ম্যাচে ফিল্ডিংও হয়েছে যাচ্ছেতাই। লঙ্কান অধিনায়ক কুশল পেরেরার ক্যাচই তিনবার ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। যিনি ১২০ রানের ইনিংস খেলকে দলকে নিয়ে গেছেন সুবিধাজনক অবস্থানে।
সিরিজ জিতলেও ব্যাটিং ও ফিল্ডিংয়ে এমন অধারাবাহিক পারফরম্যান্স নিয়ে হতাশ টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে খোলাখুলি দলের খেলোয়াড়দের সমালোচনার পক্ষে নন তিনি। সিরিজ শেষে নিজেদের কাজ করার আরও অনেক জায়গা রয়েছে বলে অভিমত তামিমের।
ম্যাচ শেষে সিরিজের শিরোপা হাতে নেয়ার আগে তামিম বলেছেন, ‘গত ম্যাচের পর এবং এ ম্যাচের শুরুতে আমি যেমনটা বলেছিলাম, আমরা সিরিজ জিতেছি কিন্তু একবারও নিখুঁত ম্যাচ খেলিনি। আমরা এই সিরিজে আমাদের সম্ভাবনার পুরোটা দিয়ে খেলতে পারিনি। সিরিজ জেতার পর আমি বলতে পারি যে আমাদের কাজ করার মতো কিছু জায়গা আছে।’
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৯ মে









