ফুটবল

রিয়াল মাদ্রিদের টনি ক্রুস করোনায় আক্রান্ত

গত শুক্রবার এক কোভিড-১৯ সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন টনি ক্রুস। প্রোটোকল মেনে আইসোলেশনে চলে যেতে হয়েছিল তাকে। আইসোলেশনে থাকাকালীন প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় রিপোর্টে পজিটিভ জার্মান মিডফিল্ডার। যা লিগের নির্ণায়ক ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়াল রিয়াল মাদ্রিদের।

সোমবার (১৭ মে) এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে লস ব্ল্যাঙ্কোসদের তরফ থেকে টনি ক্রুসের করোনা আক্রান্তের খবর জানানো হয় হয়। তারা বিবৃতিতে লেখে, ‘আমাদের ফুটবলার টনি ক্রুসের শরীরে আজ করোনা পরীক্ষা করা হয়েছিল যার রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার কারণে গত ১৪ মে থেকে আইসোলেশনে ছিলেন তিনি।’ উল্লেখ্য, সেই কারণে রবিবাসরীয় অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধেও ১৯ জনের স্কোয়াডে ছিলেন না ক্রুস।

করোনা আক্রান্ত না হলে আইসোলেশন পর্ব কাটিয়ে আগামী ২৩ মে ভিল্লারিয়ালের বিরুদ্ধে ম্যাচে নিশ্চিতভাবে স্কোয়াডে থাকতেন তিনি। কিন্তু রিপোর্ট পজিটিভ আসায় সে সম্ভাবনা আর রইল না। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝমাঠে জার্মান মিডফিল্ডারের অভাব কিছুটা হলেও বোধ হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ২৩মে ভিল্লারিয়ালের বিরুদ্ধে জয় ছাড়া কোনও গতি নেই রিয়ালের। এই ম্যাচে হারলেই নিশ্চিত চ্যাম্পিয়ন হয়ে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এমনকি জিতলেও তাকিয়ে থাকতে হবে দিয়েগো সিমোনের দলের পয়েন্ট নষ্টের দিকে।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ১৮ মে

Back to top button
🌐 Read in Your Language