দক্ষিণ এশিয়া

ভারতের বাইরেও টিকা উৎপাদন করবে সেরাম

নয়াদিল্লী, ০১ মে – সংকট মেটাতে ভারতের বাইরেও টিকা উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সেরাম ইনস্টিটিউট।

এক সাক্ষাৎকারে শুক্রবার সেরামের সিইও আদর পুনাওয়ালা এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, দেশজুড়ে কোভিশিল্ডের জোগান দিতে সমস্যা হচ্ছে। আরও উৎপাদন বাড়াতে হবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুনাওয়ালা বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হবে।’

গত সপ্তাহে সেরাম সিইও জানিয়েছিলেন, জুলাই মাসের মধ্যে মাসে ১০ কোটি ডোজ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছেন তারা। যদিও পরে তিনি জানান, মে মাসের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হয়েছে।

ভারতে করোনার দৈনিক সংক্রমণ অতীতের সব রেকর্ড ভেঙেছে। দৈনিক মৃত্যুও গত কয়েক দিন সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে।

সংক্রমণের লাগাম টানতে টিকাদানের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে শনিবার থেকে ভারতে তৃতীয় পর্যায়ে ১৮ বছরের বেশি বয়সীদের টিকাদান শুরু হচ্ছে।

তবে কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরেও একাধিক রাজ্য জানিয়েছে, শনিবার থেকে টিকাদান শুরু করতে পারছে না তারা। কারণ পর্যাপ্ত টিকা এখন পর্যন্ত তাদের হাতে নেই।

এদিকে সেরামকে দেড় কোটি ডোজ টিকার আগাম টাকা পরিশোধ করেও অর্ধেকের কম টিকা পেয়েছে বাংলাদেশ। বিকল্প উৎস না রাখায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টিকাদান কর্মসূচি বন্ধ করে দিতে হয়েছে।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ০১ মে


Back to top button
🌐 Read in Your Language