প্রথম জানাজা সম্পন্ন, খসরুর মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে

ঢাকা, ১৫ এপ্রিল – আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি, সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরুর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর বকশীবাজারে তার বাসভবনের পাশে আলিয়া মাদরাসা মাঠে প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার জন্য তার মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার মরদেহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চত্বরে আনা হয়। এখানে সকাল ১০টায় আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৮টার দিকে নিজ বাসা বকশীবাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টে জানা শেষে আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট বার ও তার সতীর্থ শুভাকাঙ্ক্ষীরা তাকে শ্রদ্ধা জানাবেন।
আরও পড়ুন : নুরের সংগঠনের ৫৩ জন গ্রেফতার
এরপর খসরুরর মরদেহ কুমিল্লার বুড়িচং নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথমে বাদজোহর বুড়িচং উপজেলায় তৃতীয় জানাজা হবে। এরপর বাদ আসর ব্রাহ্মণপাড়া উপজেলায় চতুর্থ জানাজা এবং স্থানীয় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পঞ্চম জানাজা শেষে মরহুমের নিজ গ্রামের বাড়ির কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।
গতকাল বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যু হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৫ মার্চ সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৮ মার্চ রাত ১২টার দিকে আব্দুল মতিন খসরুকে আইসিইউতে নেওয়া হয়। পরে ১ এপ্রিল করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। গত ৩ এপ্রিল অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে সিএমএইচের আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। ৬ এপ্রিল সকালে শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে আইসিইউতে নেওয়া হয়।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৫ এপ্রিল









