চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সোমবার নামছে বাংলাদেশ-নেপাল

কাঠমান্ডু, ২৮ মার্চ – ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে সোমবার স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়।
শনিবার লিগ পর্বের শেষ ম্যাচেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।
আরও পড়ুন : ২ গোলে এগিয়ে গিয়েও জয় পায়নি পর্তুগাল
নেপাল ম্যাচের আগেই অবশ্য ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলতে যাচ্ছে জেমি ডের দল। অন্যদিকে টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠে এসেছে নেপাল।
এই দুই দল গত নভেম্বরে ঢাকায় দুই ম্যাচের প্রীতি ফুটবল সিরিজে মুখোমুখি হয়েছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া প্রথম ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। তাতে সিরিজ জিতে বাংলাদেশ।
এই আসরে অংশ নিতে যাওয়ার আগে থেকেই অবশ্য ট্রফি জয়ের ব্যাপারে কিছু বলছেন না বাংলাদেশ কোচ জেমি ডে। তার কথা এই আসর থেকে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল গোছাতে চান তিনি।
ফাইনালের আগেও একই কথা বলেছেন জেমি, ‘শিরোপা নিয়ে আমি মোটেই চিন্তিত নই। জিততে পারলে দারুণ হবে। সেটা যদি নাও হয়, যে লক্ষ্য নিয়ে নেপালে এসেছিলাম; সেটা পূরণ করার সন্তুষ্টি নিয়েই ফিরব।’
ফাইনালের আগের দিন মাঠে অনুশীলন করেনি বাংলাদেশ দল। আগেরদিনই ম্যাচ খেলেছে ফুটবলাররা। এদিন তাই সকালে পুলে সময় কাটিয়েছেন ফুটবলাররা। বিকেলে ছিল স্ট্রেচিং সেশন।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৮ মার্চ









