কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় নিহত ২

কিশোরগঞ্জ, ১৪ মার্চ – কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজীরগল এলাকায় ট্রাক্টরের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দু’জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও তিন জন আহত হয়েছেন। আজ রোববার ( ১৪ মার্চ) বিকেলে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তাড়াইল উপজেলার রাউত ইউনিয়নের ভাওয়াল গ্রামের আজিদ উদ্দিনের ছেলে আসাদুজ্জামান (৫২) ও একই উপজেলার দামিহা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে দিলোয়ার হোসেন (২২)। আহতরা হলেন, সিএনজি চালক বাদল, যাত্রী পপি (২২) ও মো. আলী।
আরও পড়ুন : কেঁদে ওঠায় কোলের শিশুকে গলাকেটে হত্যা, মায়ের যাবজ্জীবন
পুলিশ সূত্রে জানা গেছে, তাড়াইল থেকে যাত্রীবাহী একটি সিএনজি কিশোরগঞ্জ যাচ্ছিল। হাজীরগল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু ও দিলোয়ার হোসেন।
এ ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।
সূত্র : আরটিভি
এন এইচ, ১৪ মার্চ









