ফুটবল

পিছিয়ে পড়া রিয়ালকে জেতালেন বেনজেমা

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ১-০ গোলে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে হারিয়েছে এলচেকে। আর সেটা সম্ভব হয়েছে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার কল্যাণে। তিনি শেষ ২০ মিনিটে জোড়া গোল করে দলকে জয় উপহার দেন। এলচের হয়ে একমাত্র গোলটি করেন দানিয়েল কালভো।

ঘরের মাঠে প্রথমার্ধে এলচের জালের নাগাল পায়নি রিয়াল। অবশ্য এলচেও পায়নি গোলের দেখা। তবে বিরতি থেকে ফিরে লিড নেয় এলচে। ৬১ মিনিটের মাথায় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে হেড দিয়ে জালে পাঠান কালভো (১-০)।

আরও পড়ুন : কে জিতবেন ব্যালন ডি’অর?

তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ৭০ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় হিসেবে নামা লুকা মদ্রিচের বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জাল কাঁপান বেনজেমা। তাতে ম্যাচে ফেরে সমতা (১-১)।

এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। সবাই ধরেই নিয়েছিল রিয়ালের মাঠ থেকে গুরুত্বপূর্ণ ১টি পয়েন্ট নিয়ে ফিরতে যাচ্ছে এলচে। কিন্তু তাদের ধারনাকে ভুল প্রমাণ করেন বেনজেমা।

যোগ করা সময়ে (৯০+১) কাসেমিরোর সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে বল নিয়ে জালে জড়ান ফরাসি স্ট্রাইকার। তাতে স্বস্তির এক জয় পায় রিয়াল ও জিনেদিন জিদান।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৪ মার্চ

Back to top button
🌐 Read in Your Language