আইন-আদালত

হাজি সেলিমের ১৩ বছরের দণ্ডের মামলার রায় আজ

ঢাকা, ০৯ মার্চ – অবৈধ সম্পদ অর্জনের মামলায় সরকারদলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড হাইকোর্টে বহাল থাকবে কি না, তা আজ মঙ্গলবার জানা যাবে।

দুদকের ওই মামলায় বিচারিক আদালত তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল। পরে হাইকোর্ট এ সাজা থেকে তাকে খালাস দেন। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশে হাইকোর্টে মামলাটির ফের শুনানি হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ওই শুনানি শেষ হলে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার আজকের তারিখ নির্ধারণ করেন।

আরও পড়ুন : ধর্ষণের শিকার নারীর ছবি-পরিচয় গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা

ওইদিন আদালতে হাজী সেলিম ও তার স্ত্রীর আপিলের পক্ষে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।

ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language