ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়ল

ঢাকা, ৩০ সেপ্টেম্বর- লিটারপ্রতি ফার্নেস অয়েলের দাম ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হয়েছে। ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বাড়িয়ে প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। নতুন এই দাম রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আদেশে জানানো হয়েছে।
বুধবার নতুন দরের আদেশ জারি করেছে বিইআরসি। বিদ্যুৎ উৎপাদনে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহার করা হয়।
এর আগে টানা তিন মাস ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছিল। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়। এরপর আরও দুই দফা দাম কমিয়ে তা ৯৬ টাকা ৮৬ পয়সায় নামিয়ে আনা হয়েছিল।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির ওপর দেওয়া হয়। এরপর জানুয়ারিতে গণশুনানি শেষে ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। সেই থেকে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে আসছে সংস্থাটি।
এস এম/ ৩০ সেপ্টেম্বর ২০২৬







