মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে ভয়াবহ বিভ্রাট, আহত ২৪ যাত্রী

দিল্লি, ৬ সেপ্টেম্বর – এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস এ-৩২০ নিও বিমানে ৩৬ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নকালে ভয়াবহ যান্ত্রিক বিভ্রাটের ঘটনা ঘটেছে। ফুকেট থেকে দিল্লিগামী এআই ২৩৭৯ ফ্লাইটে কয়েক সেকেন্ডের ব্যবধানে বিমানের তিনটি হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে যায়।
এর ফলে স্বয়ংক্রিয় উড্ডয়ন নিয়ন্ত্রণ ব্যবস্থা বা অটো পাইলট বন্ধ হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের জন্য স্টল সতর্কসংকেত বাজতে থাকে। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (এএআইবি) প্রাথমিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি হঠাৎ নির্ধারিত উচ্চতা থেকে ৩৭২ ফুট ওপরে উঠে যায় এবং এর পরপরই আবার ২৯২ ফুট নিচে নেমে আসে।
হঠাৎ উচ্চতার এই পরিবর্তনের সময় বিমানে নিরাপত্তা বেল্ট বাঁধার সংকেত বন্ধ ছিল। ফলে বেশ কয়েকজন যাত্রী ও কেবিনকর্মী আসন থেকে ছিটকে গিয়ে বিমানের ছাদ ও মালপত্র রাখার তাকে আঘাত পান। এই ঘটনায় অন্তত ২৪ জন যাত্রী আহত হয়েছেন এবং কেবিনের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএআইবি জানায়, ২০১৮ সালে তৈরি এই বিমানে ১৩৭ জন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন। সকাল ৯টা ৩২ মিনিটে ৩৬ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নকালে প্রথমে একটি হাইড্রোলিক ব্যবস্থায় চাপ কমে যাওয়ার বিষয়টি শনাক্ত হয়। এর মাত্র চার সেকেন্ডের ব্যবধানে বাকি দুটি ব্যবস্থাও বিকল হয়ে পড়ে।
সাধারণত একটি বা দুটি ব্যবস্থা বিকল হলেও অন্যটি সচল থাকার কথা, তবে তিনটি ব্যবস্থা একসঙ্গে অকেজো হওয়াকে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যেই হাইড্রোলিক ব্যবস্থাগুলো আবার সচল হতে শুরু করে এবং বিমানের উড্ডয়ন নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাভাবিক হয়। ঘটনার সময় সহকারী পাইলট বিমান চালাচ্ছিলেন, পরে প্রধান পাইলট পরিস্থিতি সামাল দেন।
তারা জরুরি অবতরণ না করে দিল্লির উদ্দেশে উড্ডয়ন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অবতরণের পর পাইলটদের মাদক পরীক্ষা করা হলে প্রধান পাইলটের প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক পাওয়া যায়নি। তার রক্তের নমুনা অধিকতর পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এএআইবি জানিয়েছে, এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬







