বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে কুচিং, ঢাকার বায়ুমান আজ সহনীয়

ঢাকা, ২০ আগস্ট – বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। বায়ুমান সূচকে শহরটির স্কোর রেকর্ড করা হয়েছে ২২৭। অন্যদিকে একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১৩তম অবস্থানে রয়েছে।
আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৯৫ এবং এই মানটি পরিবেশগতভাবে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হচ্ছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউ এয়ার থেকে বৃহস্পতিবার সকালে এই তথ্য পাওয়া গেছে। বায়ুদূষণে এদিন বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা এবং এর স্কোর ১৫৭।
১৫৫ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। ভারতের রাজধানী নয়া দিল্লি ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই একই স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
বাতাসের মান নির্ধারণে আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনএন/ ২০ আগস্ট ২০২৬









