এসএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ৩১২ প্রতিষ্ঠানকে শোকজ করছে বোর্ড

ঢাকা, ১৪ আগস্ট – এবারের এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে না পারা ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। এসব প্রতিষ্ঠানের ফলাফল কেন এতোটা খারাপ হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানতে চাওয়া হবে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শোকজের সন্তোষজনক জবাব পাওয়া না গেলে ধাপে ধাপে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তথ্য অনুযায়ী, শতভাগ ফেল করা অধিকাংশ প্রতিষ্ঠানের চিত্র প্রায় একই ধরনের। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ থেকেই ১৫ জনের কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন এবং কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র একজন। পরিসংখ্যান বলছে, অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের প্রায় ৭২ শতাংশই মাদ্রাসা। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের অবহেলা কিংবা অভ্যন্তরীণ সমস্যার কারণে এমন ফল হলে অবশ্যই সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।
শিক্ষা গবেষকরা মনে করছেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা খতিয়ে দেখা দরকার এবং অতীতে নিয়ম বহির্ভূতভাবে দেওয়া অনুমোদনের কারণে শিক্ষার মান বিঘ্নিত হচ্ছে কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬







