২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক

ঢাকা, ১১ আগস্ট – আসন্ন ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।
এই সভায় সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের ভোটের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নতুন নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হয়।
এই নির্বাচন প্রক্রিয়ার কার্যসূচি নির্ধারণ, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ, ভোটগ্রহণের দিনক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি সূচারুভাবে সম্পন্ন করার লক্ষে এই প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারাও এই প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত রয়েছেন। সংসদ সচিবালয় সূত্রে জানানো হয়েছে যে, মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকেই নির্বাচনের পরবর্তী দিকনির্দেশনা এবং মূল কার্যক্রমের রূপরেখা চূড়ান্ত হতে পারে।
এস এম/ ১১ আগস্ট ২০২৬









