দক্ষিণ এশিয়া

হিমাচল প্রদেশে বাস উল্টে খাদে পড়ে নিহত ৮, আহত ১০

শিমলা, ৮ আগস্ট – ভারতের হিমাচল প্রদেশের চম্বা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে বৈরাগড় থেকে চম্বা যাওয়ার পথে শর্মা বাস সার্ভিসের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি পথ থেকে নিচের সড়কে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টরসহ আটজন ঘটনাস্থলেই মারা যান এবং আরও ১০ জন গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরু করার মাত্র তিন কিলোমিটার পরেই দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন যাত্রী অবস্থান করছিলেন।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ, হোম গার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

আহতদের উদ্ধার করে চম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

চম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এস এম/ ৮ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language