সমালোচনার মুখে বিতর্কিত পরিকল্পনা বাতিল করলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

জুরিখ, ৬ আগস্ট – আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে চতুর্থ মেয়াদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে বিশ্বকাপের মুনাফার অংশ ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির পরিকল্পনা করায় সম্প্রতি তার অবস্থান নড়বড়ে হয়ে পড়েছিল। এই প্রস্তাবের ফলে ব্যাপক সমালোচনা এবং পদত্যাগের দাবির মুখে পড়তে হয় তাকে। শেষ পর্যন্ত সমালোচনার তোপে সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ইনফান্তিনো।
ফিফা জানিয়েছে যে তারা এই ভুল পরিকল্পনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
মরক্কোর রাবাতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সংস্থার শীর্ষ কর্মকর্তারা সভাপতির প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এর ফলে অভিশংসনের ঝুঁকি থেকে আপাতত বেঁচে গেলেন বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তা।
ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম এবং ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা ইনফান্তিনোর প্রতি সংহতি প্রকাশ করেছেন। সদস্য দেশগুলোর কাছে এক চিঠির মাধ্যমে ভুলের জন্য ক্ষমা চেয়েছে ফিফা কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লা লিগাসহ ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন ইউরোপিয়ান লিগস ফিফার শাসনব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানিয়েছে। তারা ফিফার একতরফা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বলেছে যে ফুটবলার এবং ক্লাবগুলোর স্বার্থ রক্ষায় সংস্কার অপরিহার্য।
সংস্থাটি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনেরও বিরোধিতা করেছে এবং সংস্কার না হওয়া পর্যন্ত ফিফার যেকোনো নতুন প্রতিযোগিতার প্রস্তাব প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে।
এনএন/ ৬ আগস্ট ২০২৬









