ফুটবল

গ্যালারিতে বসে নিজের ক্লাবের কাছে আল নাসরের হার দেখলেন রোনালদো

লিসবন, ৫ আগস্ট – পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো প্রীতি ম্যাচে এক বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তিনি বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেললেও প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার আংশিক মালিকানা রয়েছে তার নিজের কাছেই।

মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে গ্যালারিতে বসেই নিজের মালিকানাধীন ক্লাবের ২-০ গোলের জয় এবং বর্তমান ক্লাবের পরাজয় দেখলেন তিনি। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। তবে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয় ভাগে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়া।

খেলার ৫১ মিনিটে দাইজিরো চিরিনোর গোলে এগিয়ে যায় আলমেরিয়া। এর দশ মিনিট পর অর্থাৎ ৬১ মিনিটে পেনাল্টি থেকে সফল লক্ষ্যভেদে ব্যবধান ২-০ করেন আদ্রিয়ান এমবারবা। ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচের খেলোয়াড় তালিকায় ছিলেন না।

তবে তিনি গ্যালারিতে উপস্থিত থেকে পুরো খেলাটি উপভোগ করেন এবং ম্যাচের শুরুতে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আলমেরিয়া ক্লাবটির ২৫ শতাংশ মালিকানা রোনালদোর নিজস্ব প্রতিষ্ঠান সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টসের হাতে রয়েছে।

বাকি ৭৫ শতাংশের মালিক সৌদি মিডিয়া কোম্পানি এসএমসি গ্রুপ। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া আল নাসর দ্বিতীয়ার্ধে সাদিও মানে ও জোয়াও ফেলিক্সের মতো তারকাদের মাঠে নামায়। তবে আক্রমণভাগের খেলোয়াড়রা আলমেরিয়ার রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আল নাসরকে।

এস এম/ ৫ আগস্ট ২০২৬


Back to top button