জাতীয়

বাংলাদেশে বিনিয়োগে সৌদি আরবের ব্যাপক আগ্রহ, জানালেন শামা ওবায়েদ

ঢাকা, ৪ আগস্ট – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ওপর সৌদি আরব পূর্ণ আস্থা প্রকাশ করেছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সৌদি আরবের প্রতিনিধি দলের সাথে অত্যন্ত সফল ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তারা বাংলাদেশের বিভিন্ন খাতে বড় ধরনের বিনিয়োগ করতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, মৎস্য সম্পদ, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, সৌর বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সৌদি আরবের যে দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে, তা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে একটি উচ্চ পর্যায়ের যৌথ বৈঠক করেন।

বৈঠকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণের বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বিভিন্ন সংকটের সময় যারা মৃত্যুবরণ করেছেন তাদের কথা প্রতিনিধি দলটি শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। সৌদি সরকারের আন্তরিক সহায়তায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনায় তাদের ধন্যবাদ জানানো হয়েছে।

এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। তিনি আরও জানান, সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরাও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি।

শীঘ্রই সৌদি আরবে একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে যেখানে বিনিয়োগ সংক্রান্ত নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া চলতি বছরই একটি রাজনৈতিক কনসালটেশন এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হওয়ার পরিকল্পনা রয়েছে। পাসপোর্ট সংক্রান্ত সমস্যার বিষয়ে তিনি বলেন, জেদ্দা ও রিয়াদে বাংলাদেশ মিশন এই বিষয়গুলো নিয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি দলও বিষয়গুলো পর্যালোচনা করবে। সফরকারী প্রতিনিধি দলটি মূলত একটি খাতের পরিবর্তে বহুমুখী খাতে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে। দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রতিনিধি দলটি আজ রাতেই ঢাকা ত্যাগ করবে।

এস এম/ ৪ আগস্ট ২০২৬


Back to top button