বিসিবিতে কোচ নিয়োগে কড়াকড়ি, সুপারিশ চলবে না সাফ জানালেন তামিম

ঢাকা, ৩০ জুলাই – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, মৌলিক ক্রিকেট জ্ঞান না থাকলে জেলা বা বিভাগীয় পর্যায়ের কোচ হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হবে না। কোচ নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তদবির গ্রহণ করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার বিসিবির বোর্ড সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তামিম ইকবাল জানান, সম্প্রতি জেলা ও বিভাগীয় কোচ নিয়োগ পরীক্ষায় ১৭০ জন অংশগ্রহণ করলেও মাত্র ৩৮ জন উত্তীর্ণ হতে পেরেছেন। অতীতে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটি ছিল উল্লেখ করে তিনি বলেন, এবার পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ ও মানসম্মত করা হচ্ছে।
আগে প্রথম শ্রেণির ক্রিকেটার বা লেভেল ওয়ান কোচদের শর্ত শিথিল করা হয়েছিল যা ছিল একটি ভুল সিদ্ধান্ত। এবার নতুন পদ্ধতিতে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক এই তিন ধাপের যথাযথ মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
পরীক্ষার্থীদের উত্তরের মান নিয়ে হতাশা প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, পরীক্ষার খাতায় দেখা গেছে অনেক প্রার্থীর মৌলিক জ্ঞানে বড় ঘাটতি রয়েছে। একটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল ওয়াইড বলে কীভাবে আউট হওয়া যায়। সেখানে কেউ উত্তর দিয়েছেন বোল্ড বা এলবিডব্লিউ।
আবার অফসাইডের পজিশন লিখতে গিয়ে কেউ মিড উইকেট লিখেছেন। যারা এমন ভুল উত্তর দেন তাদের কোচিং পেশায় না আসাই ভালো বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও স্পষ্ট করেন যে, কোচ নিয়োগের ক্ষেত্রে কোনো বোর্ড কর্মকর্তা বা প্রভাবশালী মহলের সুপারিশ কার্যকর হবে না।
লিখিত বা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে শুধুমাত্র সুপারিশের ভিত্তিতে কাউকে নিয়োগ দেওয়া হবে না। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ উন্নতির জন্য এই বিষয়ে কোনো আপস করা হবে না বলে জানান তিনি।
এস এম/ ৩০ জুলাই ২০২৬









