জাতীয়

দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ৩০ জুলাই – দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সাথে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসের তথ্যানুযায়ী খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।

এস এম/ ৩০ জুলাই ২০২৬


Back to top button