উজবেকিস্তানকে উড়িয়ে ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

ঢাকা, ২৮ জুলাই – কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে সরাসরি তিন সেটে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে মঙ্গলবার ৩-০ সেটের জয়ে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে লাল সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী খেলা উপহার দেন বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথম সেটে ২৫-২১ পয়েন্টে জয় নিয়ে লিড নেয় দল। দ্বিতীয় সেটেও একই ধারাবাহিকতা ধরে রেখে ২৫-২০ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। তৃতীয় সেটে উজবেকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের আক্রমণাত্মক কৌশলের সামনে তাদের প্রতিরোধ ভেঙে পড়ে।
শেষ পর্যন্ত ২৫-১৯ ব্যবধানে এই সেটটিও জিতে নিয়ে সরাসরি ৩-০ ব্যবধানে ম্যাচ ও ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি হলেও রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। চলতি আসরে এটি বাংলাদেশের পঞ্চম জয়।
রাউন্ড রবিন পর্বে পাকিস্তান ছাড়া বাকি সব প্রতিপক্ষকে হারিয়েছে তারা। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও উজবেকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। বুধবারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের মাধ্যমে।
এস এম/ ২৮ জুলাই ২০২৬









