আইন-আদালত

হাইকোর্টে একদিনেই পৌনে ৮ হাজার মামলা নিষ্পত্তির নতুন রেকর্ড

ঢাকা, ২৮ জুলাই – হাইকোর্টের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ এক দিনেই ৭ হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান বিচারপতির বিশেষ নির্দেশনায় গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম শুরু হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৩ জুলাই এক কার্যদিবসেই হাইকোর্ট বিভাগের ১০টি বেঞ্চে রেকর্ড সংখ্যক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সম্প্রতি শুরু হওয়া এই বিশেষ কার্যক্রমে এখন পর্যন্ত মোট ৯টি কার্যদিবসে ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর বাইরে পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও রিট মামলা মিলিয়ে এ পর্যন্ত মোট ৪২ হাজার ৬৯৯টি মামলা নিষ্পত্তি করেছে উচ্চ আদালত।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের জমে থাকা মামলা নিষ্পত্তির এই ধারা অব্যাহত থাকবে।

বিচারপতিগণ মামলাজট কমাতে এবং দীর্ঘদিনের পুরোনো মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে বিশেষ শুনানির মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছেন।

এনএন/ ২৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language