বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু

ঢাকা, ২৭ জুলাই – প্রায় এক বছর বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে জাপানের নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন যে এই রুটটি ভবিষ্যতে আর বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এবং এটি বিমানের জন্য লাভজনক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইতিমিধ্যেই উদ্বোধনী ফ্লাইটসহ পরবর্তী বেশ কয়েকটি ফ্লাইটের টিকিট বিক্রি শেষ হয়েছে যা জাপান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। মন্ত্রী আরও জানান যে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় এই ফ্লাইট সার্ভিস আবার শুরু করা সম্ভব হয়েছে এবং এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন যে জাপানে অবস্থানরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশির যাতায়াতের সুবিধার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের বহরে ভবিষ্যতে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে যাতে আন্তর্জাতিক রুটগুলোতে কোনো বিঘ্ন না ঘটে।
প্রতিমন্ত্রী ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক এই রুটটি চালুর ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন।
সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিজি-৩৭৬ ফ্লাইটটি ঢাকা থেকে নারিতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এনএন/ ২৭ জুলাই ২০২৬









