ফুটবল

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন লিওনেল মেসি

বুয়েনোস আইরেস, ২৪ জুলাই – বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হওয়ার পর থেকেই আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেইন স্পোর্টসের এক তথ্য অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপের পরই তিনি নিজের বুট জোড়া তুলে রাখার পরিকল্পনা করেছেন এবং ২০৩০ সালের বিশ্বকাপে তাকে আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না।

প্রতিবেদন অনুসারে, মেসি এখনই ফুটবল মাঠকে বিদায় বলছেন না। বরং আগামী কয়েক মাস জাতীয় দলের সাথে থেকে একটি মসৃণ রূপান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে চান তিনি। এই সময়ে তরুণ খেলোয়াড়দের সাথে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক বিদায়ের প্রস্তুতি নেবেন তিনি।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আগে থেকেই জানিয়ে রেখেছেন যে মেসির জন্য দলের দরজা সবসময় উন্মুক্ত, তবে মহাতারকা নিজেই এখন সরে দাঁড়ানোর পথ বেছে নিচ্ছেন।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাদের এই মহানায়কের জন্য রাজকীয় এক বিদায় সংবর্ধনার পরিকল্পনা করছে।

বেইন স্পোর্টস জানিয়েছে, একটি হাই প্রোফাইল প্রীতি ম্যাচের মাধ্যমে মেসিকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় জানানো হতে পারে। পুরো আর্জেন্টিনা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের জন্য এটি একটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত হয়ে উঠবে।

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার সাফল্যের রঙে রাঙানো। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে বড় শিরোপার খরা কাটানোর পর তিনি একে একে জিতেছেন ২০২২ সালের ফাইনালিসিসিমা এবং কাতার বিশ্বকাপ। এরপর ২০২৪ সালেও তিনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা এনে দিয়েছেন।

এবারের বিশ্বকাপেও আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি তার দক্ষতা প্রমাণ করেছেন।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের বিদায় যেন নিরবে না হয়, সেটিই নিশ্চিত করতে চায় দেশটির ফুটবল ফেডারেশন। একটি বিশেষ বিদায়ী ম্যাচের মাধ্যমে আধুনিক ফুটবলের এই মহানায়কের বর্ণাঢ্য অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ২৪ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language