জাতীয়

প্রবাসীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর বিশেষ নির্দেশনা

ঢাকা, ২১ জুলাই – প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। মঙ্গলবার সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন। সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসীদের সুবিধার্থে ভূমি অফিসে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ এবং নামজারি ও মিউটেশনসহ অন্যান্য সেবা দ্রুত সম্পন্ন করার প্রস্তাব দেন।

এছাড়া ভূমি অফিসে প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার প্রদানের বিষয়েও তিনি সহযোগিতা কামনা করেন। প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে সরকার প্রবাসী কার্ড চালু করছে বলে জানান ভূমিমন্ত্রী।

তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আশ্বস্ত করে বলেন যে ভূমি মন্ত্রণালয় এই সকল সেবা যথাযথভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা করবে। একইসঙ্গে প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় থেকে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশ দেন মন্ত্রী। বৈঠকে ভূমি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম/ ২১ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language