জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৭৩

ঢাকা, ১৮ জুলাই – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৩টি শিশু। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া শিশুরা সরাসরি হামে আক্রান্ত ছিল না বরং তাদের মধ্যে এই রোগের উপসর্গ উপস্থিত ছিল। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৬৮৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ জন শিশু। অর্থাৎ গত কয়েক মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৮৪ জন শিশুর মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে নতুন আক্রান্তদের মধ্যে ৭৪ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে এবং হামের উপসর্গ ছিল বাকি ৬৯৯ জনের। এই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৬৪৯ জন শিশু এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯৮ জন।

এস এম/ ১৮ জুলাই ২০২৬


Back to top button