শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমার দাবিতে সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

ঢাকা, ১৪ জুলাই – শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং তার অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তারা সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন। এর আগে সায়েন্সল্যাব এলাকা থেকে তিন দফা দাবি জানিয়ে একটি মিছিল সংসদ ভবনের অভিমুখে রওনা দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন ঘোষণা দেন যে আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে মন্ত্রীর বিভিন্ন অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় নেওয়া। ওইদিন যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের বিষয়টিও বিবেচনার দাবি জানানো হয়।
এছাড়া পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত করে নতুন রুটিন প্রণয়ন এবং শিক্ষার্থীবান্ধব প্রশ্নপত্র তৈরির ওপর গুরুত্বারোপ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এনএন/ ১৪ জুলাই ২০২৬









